সর্বশেষ
Loading breaking news...

সকল বিভাগ

মোট 11 টি বিভাগ

যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ

খবরের ছবি
ছবি: সংরক্ষণাগার

যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার প্রায় বন্ধ হয়ে পড়েছে। সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য বলছে, সপ্তাহান্তে প্রণালিটি দিয়ে চলাচল করা দৃশ্যমান পণ্যবাহী জাহাজের সংখ্যা নেমে এসেছে দিনে মাত্র পাঁচটিতে। হামলার শিকার হওয়ার আশঙ্কায় জাহাজ কোম্পানিগুলো এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করছে বলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। কারণ হামলার শিকার এড়াতে অনেক জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখে চলাচল করে।

পণ্যবাণিজ্যবিষয়ক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে হরমুজ প্রণালি দিয়ে মূলত ছোট আকারের জাহাজগুলো চলাচল করেছে। এর মধ্যে দুটি ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনকারী জাহাজ। এর একটি ইরানের দিকের পথ ধরে প্রণালি থেকে বেরিয়ে গেছে, আর অন্যটি রাতের আঁধারে প্রণালি পার হয়ে ভারতের দিকে চলে গেছে।

এর আগে শুক্রবার প্রণালিটি দিয়ে মোট ১৪টি জাহাজ চলাচল করেছে। সেদিন ২০ লাখ ব্যারেল কাতারি অপরিশোধিত তেলবোঝাই একটি বিশাল ট্যাংকারও প্রণালি পেরিয়েছিল; জাহাজটি অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ রেখেই বেরিয়ে যায়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) রোববার জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালির ভেতর দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রণালিটিতে এ নিয়ে তৃতীয় হামলার ঘটনার কথা জানালো সংস্থাটি।

রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটাই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম এমন হামলা।

ওই হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে জানিয়ে সেদিনই এর জবাব দেওয়ার ঘোষণা দেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার দিবাগত রাতে জর্ডানে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবিও করে ইরান। জর্ডানের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্রের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সোমবার ভোরে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।’

আরও পড়ুন